বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬ - ১৩:২৫
হিজবুল্লাহ: ইরানই লেবাননের একমাত্র ভরসা; তেহরানের সহায়তায় লেবাননকে মুক্ত করব

হাসান ইজ্জুদ্দিন বলেছেন, ইরানই লেবাননের একমাত্র আশা ও মুক্তির পথ। একই সঙ্গে তিনি তেহরানের বিরুদ্ধে অন্যায় ও ভিত্তিহীন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, লেবাননের সংসদে ‘প্রতিরোধের প্রতি আনুগত্য’ জোটের জ্যেষ্ঠ প্রতিনিধি হাসান ইজ্জুদ্দিন দেশটির সাম্প্রতিক পরিস্থিতি ও আঞ্চলিক ঘটনাবলি নিয়ে বক্তব্য প্রদানকালে বলেন, পদমর্যাদা ও অবস্থান যা-ই হোক না কেন, কারও উচিত নয় একপাক্ষিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিষয়গুলো মূল্যায়ন করা।

তিনি রাষ্ট্রপতি, বিশ্লেষক, চিন্তাবিদ কিংবা অন্য যে কেউ হতে পারেন। কারণ, এ ধরনের দৃষ্টিভঙ্গি ভুল মূল্যায়ন, বাস্তবতা ও সত্য থেকে দূরে সরে যাওয়া এবং অন্যায্য সিদ্ধান্তের দিকে নিয়ে যায়।

বৈরুতের দক্ষিণ উপশহর দাহিয়ায় অবস্থিত ইমাম কাজিম (আ.) কমপ্লেক্সে দেওয়া বক্তব্যে ইজ্জুদ্দিন বলেন, ইহুদিবাদী শত্রু ও ইরানকে একই কাতারে দাঁড় করানো শুধু একটি গুরুতর রাজনৈতিক ভুলই নয়, বরং এটি একটি নৈতিক অপরাধ, যার বিরুদ্ধে নীরব থাকা যায় না।

তিনি বলেন, একদিকে এমন একটি পক্ষ রয়েছে, যারা ভূখণ্ড দখল করে, মানুষের ওপর অবমাননা ও নির্যাতন চালায়, বাড়িঘর ধ্বংস করে এবং মানুষকে হত্যা করে। অন্যদিকে রয়েছে এমন একটি পক্ষ, যারা বছরের পর বছর ধরে লেবাননের প্রতি সহযোগিতা ও কল্যাণের হাত বাড়িয়ে দিয়েছে। এই দুই পক্ষের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে।

তিনি আরও বলেন, লেবাননের সঙ্গে ইরানের সম্পর্কের ক্ষেত্রে, বিশেষ করে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে গড়ে ওঠা সম্পর্কের ক্ষেত্রে, ইরান কখনো কোনো ভুল করেনি। একইভাবে ইরান কখনোই লেবাননের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করেনি। এ বিষয়ে যেসব অভিযোগ উত্থাপন করা হয়, সেগুলো সম্পূর্ণ মিথ্যা ও অপবাদ।

বরং আজ ইরানই লেবানন, দেশটির জনগণ, প্রতিরোধ আন্দোলন এবং সমগ্র সমাজের একমাত্র আশা ও মুক্তির পথ।

গত কয়েক দশকে লেবাননের প্রতি ইরানের সমর্থনের কথা উল্লেখ করে হিজবুল্লাহর এই প্রতিনিধি বলেন, বহু বছর ধরে ইরান সব সময় লেবাননের দিকে সহযোগিতা ও সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে ২০০৬ সালের যুদ্ধের পর পুনর্গঠন এবং লেবানন সরকারকে সহযোগিতার ক্ষেত্রে ইরানের এই সমর্থন স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। এ সহযোগিতা এখনো অব্যাহত রয়েছে।

ইজ্জুদ্দিন জোর দিয়ে বলেন, ইরানের নিজস্ব জাতীয়, কৌশলগত ও বৃহত্তর স্বার্থ থাকা সত্ত্বেও তেহরান এখনো এ বিষয়ে গুরুত্ব দিচ্ছে যে, ভবিষ্যতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যেকোনো সম্ভাব্য আলোচনায় লেবাননকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

এ কারণে ইরানের ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে এবং এই দেশটির প্রতিই আমাদের আশা-ভরসা।

লেবাননের সংসদ সদস্য আরও বলেন, ইনশাআল্লাহ ইরান বর্তমান পরিস্থিতি থেকে বিজয়ীর বেশে বেরিয়ে আসবে। আমরাও এই দেশের পাশে থেকে, আজ হোক কিংবা কাল, আমাদের ভূখণ্ড থেকে শত্রুকে বিতাড়িত করব।

আঞ্চলিক চলমান পরিস্থিতির পরিণতি সম্পর্কে হিজবুল্লাহর এই প্রতিনিধি বলেন, বর্তমানে অঞ্চলে যা ঘটছে, তার পরিণতি ও প্রভাব অত্যন্ত ব্যাপক হবে। এসব ঘটনা একটি নতুন আঞ্চলিক ব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই নতুন ব্যবস্থায় অঞ্চল, এর পবিত্র স্থান, সম্পদ এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আধিপত্য, নিয়ন্ত্রণ ও দাদাগিরির অবসান ঘটবে।

তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের ৮২ শতাংশ জনগণ তাদের সরকারের কাছে যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছে। কারণ, তাদের মতে, এই যুদ্ধই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া, অর্থনৈতিক মুদ্রাস্ফীতি এবং তাদের দৈনন্দিন জীবনের সংকটের প্রধান কারণ।

পরিশেষে প্রতিরোধ আন্দোলনের পরাজয় কিংবা দুর্বল হয়ে পড়ার অভিযোগ প্রত্যাখ্যান করে হাসান ইজ্জুদ্দিন বলেন, যারা প্রতিরোধ আন্দোলনের পরাজয়, দুর্বলতা কিংবা নতুন সমীকরণ তৈরি করতে অক্ষম হওয়ার ওপর বাজি ধরছে, তাদের এই বাজি সম্পূর্ণ ভিত্তিহীন ও পরাজয়ের বাজি। এটি মরীচিকার পেছনে ছোটা ছাড়া আর কিছুই নয়।

তিনি জোর দিয়ে বলেন, প্রতিরোধ আন্দোলন তার অবস্থানে অটল থাকবে এবং লেবাননের ওপর আগ্রাসন চালাতে চায়-এমন প্রত্যেক আগ্রাসী ও ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha